শিবিরের বট বাহিনী বারবার আমার ফাঁসির দাবি তুলছে: মাহফুজ আলম

বাংলা টিভি ডেস্ক: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, শিবির-সংশ্লিষ্ট কিছু অনলাইন অ্যাকাউন্ট ও কর্মী দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং বারবার তার মৃত্যুদণ্ডের দাবি তুলছেন। এমনকি একবার প্রতীকীভাবে তাকে ‘জবাই’ করার ঘটনাও ঘটানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া “সব দোষ মাহফুজ আলমে’র ইতিবৃত্ত” শীর্ষক এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মাহফুজ আলম দাবি করেন, জুলাই আন্দোলনের পক্ষে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে তিনি কখনো বক্তব্য দেননি। অথচ তার বিরুদ্ধে যে কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণ হয়েছে, তার বড় অংশই এসেছে জুলাইয়ের পক্ষ দাবি করা কিছু গোষ্ঠীর কাছ থেকে। তিনি বলেন, মতাদর্শগত প্রশ্নে জামায়াত-শিবিরের রাজনীতির সমালোচনা করলেও তা কখনো ব্যক্তিগত বিদ্বেষের জায়গা থেকে নয়।
তিনি আরও বলেন, গত প্রায় দুই বছর ধরে তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। নীতি ও আদর্শ নিয়ে বিতর্কের পরিবর্তে ব্যক্তি আক্রমণের সংস্কৃতি রাজনৈতিক অঙ্গনে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি কোনো সরকারি দায়িত্বে নেই, তবুও বিভিন্ন মহল থেকে তাকে নিয়মিতভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে।
পোস্টের শেষাংশে মাহফুজ আলম রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ ও গালাগালির রাজনীতি পরিহার করে নীতি, কর্মসূচি ও মতাদর্শভিত্তিক আলোচনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়তে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে গঠনমূলক বিতর্কের চর্চা প্রয়োজন।



