রাজনীতি

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-তে এসএসসি পরীক্ষাকেন্দ্র ঘিরে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্রের ভেতরে প্রবেশ ও পরীক্ষার্থী নিয়ে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থীদের প্রতিবাদ ও ধাওয়ার মুখে অবরুদ্ধ হয়েছেন এক রাজনৈতিক নেতা।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে। ভাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আশরাফ শেখ তার হবু স্ত্রীর সঙ্গে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, কেন্দ্রের ভেতরে প্রবেশ এবং পরীক্ষার্থীকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা বন্ধ রেখে প্রতিবাদ জানায়। একপর্যায়ে তারা ওই নেতাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়, পরে তিনি কেন্দ্রসচিবের কক্ষে আশ্রয় নেন।

ঘটনার সময় কয়েকজন শিক্ষক এগিয়ে এলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং প্রধান শিক্ষকসহ কয়েকজন আহত হন বলে জানা যায়। এরপর কিছুক্ষণ কেন্দ্র এলাকায় উত্তেজনা ও স্লোগান চলতে থাকে, যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতদের উপস্থিতির অভিযোগও উঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত জানান, ওই নেতা প্রায়ই তার হবু স্ত্রীকে কেন্দ্রের আশপাশে নিয়ে আসতেন এবং পরীক্ষাকালীন সময়ে সেখানে অবস্থান করতেন। আজও একই ঘটনা ঘটার পর উত্তেজনা সৃষ্টি হয়, ফলে পরীক্ষায় কিছুটা বিলম্ব হয়।

তবে ভিন্ন দাবি করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। তাদের অভিযোগ, ওই ব্যক্তি নিয়মিতভাবে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে বিভিন্নভাবে তার স্ত্রীর পরীক্ষা প্রক্রিয়ায় প্রভাব ফেলার চেষ্টা করছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।

অন্যদিকে আশরাফ শেখ দাবি করেছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, তার হবু স্ত্রীর বিরুদ্ধে কিছু পরীক্ষার্থী হয়রানি করছিল, প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনের অভিযোগও করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নেতাকে উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button