পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: রাজবাড়ীর কালুখালী উপজেলার সূর্যদিয়া গ্রামে একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিখোঁজ এক যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশে পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
নিহত আসাদুল ইসলাম (২৪) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই আসাদুল নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় সোনাপুর হাটে যাওয়ার পর তার আর খোঁজ মেলেনি। রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাত ১০টার দিকে কালুখালী থানায় বিষয়টি জানানো হয়। পরদিন সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেছেন, আসাদুল ইসলাম সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



