হিজাব অবমাননার প্রতিবাদে চবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলা টিভি ডেস্ক: হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ এবং সাম্প্রতিক নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার বিশ্ববিদ্যালয় শাখা। কর্মসূচি থেকে সংগঠনটি আট দফা দাবি তুলে ধরে।
সোমবার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ধর্মীয় পোশাকের স্বাধীনতা, নারীর মর্যাদা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের হিজাব ও নিকাব নিয়ে করা মন্তব্য নারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের বক্তব্য কাম্য নয়।
সংগঠনের নেতারা আরও বলেন, নারীদের নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের পুনরাবৃত্তি সমাজে নেতিবাচক বার্তা দিচ্ছে। একই সঙ্গে তারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— হিজাব ও ধর্মীয় পোশাক নিয়ে করা অবমাননাকর বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, নারীর ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, ধর্মীয় পরিচয় বা পোশাকের কারণে বৈষম্য ও হয়রানি বন্ধ করা, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা, নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা জোরদার করা, আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা বৃদ্ধি এবং বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, নারীর মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।



