রাজনীতি

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানের আগে থেকেই সভাস্থলের বাইরে বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু সমর্থক। অন্যদিকে এনসিপির কর্মী-সমর্থকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার জেরে অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের এক নেতাও রয়েছেন বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সফরসঙ্গীদের অনুসরণ করে কয়েকজন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করছেন। একপর্যায়ে উত্তেজনা তৈরি হলে তারা নিকটস্থ একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে ভিডিওতে দেখা যায়।

ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে যে, তাদের নেতাদের সফরকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে উসকানিমূলক পরিবেশ তৈরির চেষ্টা করেছে। সংগঠনটি দাবি করে, এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত দমনে ভয়ভীতি ও উত্তেজনা সৃষ্টির রাজনীতি বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড সফল হবে না। একই সঙ্গে তারা প্রবাসী বাংলাদেশিদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।

উল্লেখ্য, ঘটনাটির বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button