‘গোলাম পরওয়ার মাসির বাড়িতে এসে পিসির নামে মিথ্যা কথা বলে গেলেন’

বাংলা টিভি ডেস্ক: ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-এর বক্তব্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিজেপির নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুন) রাতে ভোলা শহরের নতুন জেলা বিজেপি কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঘণ্টাব্যাপী নেতাকর্মীরা অবস্থান নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্যকে ‘ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।
এর আগে শনিবার (১৩ জুন) ভোলা জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচিত হওয়ার পর ভোলা-১ আসনের সংসদ সদস্য এলাকায় নিয়মিত যান না এবং স্থানীয় সমস্যাগুলো সংসদে যথাযথভাবে তুলে ধরেন না। তিনি আরও বলেন, সরকারকে খুশি করতে গিয়ে তিনি জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেন।
এর জবাবে প্রতিবাদ সমাবেশে বিজেপি নেতারা এসব বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন বলেন, ব্যারিস্টার পার্থ ভোলা-বরিশাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা দীর্ঘদিন ধরেই জাতীয় সংসদে তুলে ধরছেন। তিনি দাবি করেন, সময়ের প্রয়োজনীয়তার কারণে সব উন্নয়ন একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, গোলাম পরওয়ারের বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ভোলার উন্নয়নে বর্তমান সংসদ সদস্যের ভূমিকা রয়েছে বলেও তিনি দাবি করেন।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিজেপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা জামায়াত নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নতুন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



