চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি

বাংলা টিভি ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে স্থানীয়দের হাতে আটক ও মারধরের শিকার হতে হয়েছে। পরে লিখিত অঙ্গীকারনামা দেওয়ার পর তারা মুক্তি পান।
সোমবার (১৫ জুন) রাতের দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা স্থানীয় এক বালু ব্যবসায়ীর কাছে ব্যবসা পরিচালনার জন্য ২০ হাজার টাকা দাবি করেছিলেন। এ নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছিল।
ঘটনার দিন রাতে বালু ব্যবসায়ী জহিরুল ইসলাম টাকা দেওয়ার কথা বলে জাকির মোল্লাকে নির্দিষ্ট স্থানে ডাকেন। পরে তিনি তার এক সহযোগীকে নিয়ে সেখানে পৌঁছালে আগে থেকে উপস্থিত স্থানীয় লোকজন তাদের ঘিরে ফেলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতা দুইজনকে মারধর করে কিছু সময় আটকে রাখে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার প্রতিশ্রুতি দিয়ে লিখিত মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, অভিযুক্ত নেতার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে অর্থ দাবি, প্রভাব খাটানো এবং নানা অনিয়মের অভিযোগ ছিল।
তবে জাকির মোল্লা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চাঁদা দাবি নয়, বরং ব্যবসায় অংশীদার হওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, দল কোনো ধরনের চাঁদাবাজি সমর্থন করে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর প্রয়োজনীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



