রাজনীতি

‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না’

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও বিএনপিবিরোধী বার্তাসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকার একটি দোকানের সামনে এসব পাওয়া যায়। দোকানটি স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলামের।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান শরিফুল। পরদিন সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে একটি সন্দেহজনক বস্তু এবং একটি চিরকুট দেখতে পান। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

চিরকুটে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে হুমকিসূচক বক্তব্য লেখা ছিল। সেখানে দাবি করা হয়, ওই দোকানে বিএনপির কোনো ব্যক্তি যেন না বসে এবং গ্রামে বিএনপির কার্যক্রম চলতে দেওয়া হবে না।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। পরে গাংনী থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ এসে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি জব্দ করে।

দোকান মালিক শরিফুল ইসলাম জানান, সকালে দোকানে এসে এমন দৃশ্য দেখে তিনি ভীত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ধরনের বস্তু ও চিরকুট রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button