আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

বাংলা টিভি ডেস্ক: শরীয়তপুরে আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। প্রায় ৪০ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিএনপির কিছু নেতাকর্মী স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল করছেন, যেখানে তারা গ্রেফতার আওয়ামী লীগ নেতার মুক্তির দাবি জানান।
গ্রেফতার হওয়া ব্যক্তি আসাদুজ্জামান লিটন মুন্সি, তিনি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, তাকে সকালে সদর উপজেলার বিনোদপুর বাজার এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, তিনি সামাজিক মাধ্যমে ঘটনাটি দেখেছেন, তবে বিস্তারিত কিছু জানা নেই বলে মন্তব্য করেন।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে মিছিলের প্রকৃত কারণ ও এর পেছনের প্রেক্ষাপট নিয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।



