বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. সুমন পাটোয়ারীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ বলেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সেই অবস্থান থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে মান্নান পাটোয়ারী (৬৫) হত্যা মামলার প্রধান আসামি হিসেবে আত্মগোপনে থাকা অবস্থায় সুমন পাটোয়ারীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।



