রাজনীতি

পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা

বাংলা টিভি ডেস্ক: সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক যুবনেতাকে দলীয় পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তও শুরু করেছে দলটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার আমীর মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতি পাওয়া মোহাম্মদ ফিরোজ শাহ ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

স্থানীয়দের দাবি, বুধবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক নারীর সঙ্গে ফিরোজ শাহকে আপত্তিকর অবস্থায় তার স্ত্রী দেখতে পান। এ ঘটনাকে কেন্দ্র করে পার্কে উপস্থিত লোকজনের সামনে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা সংগঠনের নির্দেশনায় দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী ফিরোজ শাহর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাকে যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারির পদসহ সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে, সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের এ সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

উল্লেখ্য, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button