আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমাদের জুলাই ব্যবসায়ী বলা হয়। যদি দেশের স্বার্থে প্রয়োজন হয়, আমরা হাজারবার জুলাই ব্যবসায়ী হতে রাজি আছি। তবে টেন্ডারবাজ রাজনীতির সঙ্গে নিজেদের কখনোই যুক্ত করব না।’
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জিরো পয়েন্টে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এসব ঘটনার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। একই সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি ভয় না পাওয়ার আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, দীর্ঘ সময় দেশে নারীরা এবং অনেক জেলার মানুষ বৈষম্যের শিকার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, বগুড়া ও ফেনীর মতো জেলার অনেক মেধাবী তরুণ-তরুণী শুধু নিজ জেলার পরিচয়ের কারণে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সম্প্রতি তাদের ‘অবাঞ্ছিত’ বলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রাখা হয়েছে, তারাই এখন এনসিপিকে অবাঞ্ছিত বলছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইজাজ আল ওয়াসী জ্বীম, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী এবং জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএসএ মাহমুদসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



