
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেন দলের উদযাপন ঘিরে একের পর এক আলোচিত ঘটনা সামনে আসছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। স্টেডিয়াম ছাড়ার সময় তার হাতে থাকা একটি সাদা পলিথিন ব্যাগ ঘিরেই তৈরি হয়েছে এই কৌতূহল।
ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কুকুরেয়ার হাতে থাকা ব্যাগের ভেতরে একটি বস্তু ছিল, যা দেখতে অনেকটা বিশ্বকাপ ট্রফির মতো। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি কি না কি পলিথিন ব্যাগে করে নিয়ে যাচ্ছেন এই ডিফেন্ডার?
তবে পরে জানা যায়, কুকুরেয়ার হাতে থাকা জিনিসটি আসল বিশ্বকাপ ট্রফি নয়। এটি ছিল বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি একটি লেগো প্রতিরূপ বলে ধারণা করা হচ্ছে। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কোনো পক্ষ।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্পেন দলের খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠেন। সেই আনন্দঘন মুহূর্তের মধ্যেই কুকুরেয়ার হাতে থাকা এই অদ্ভুত বস্তুটি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও হাস্যরসের সৃষ্টি করে।
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে মন্তব্য করেন, বিশ্বকাপের মতো ঐতিহাসিক ট্রফিও যেন কুকুরেয়ার হাতে সাধারণ কোনো জিনিসে পরিণত হয়েছে। তবে পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়।
সূত্র: দ্য সানডে গার্ডিয়ান।



