গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার যদি একই আইনি ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ দাবি করে, তাহলে সেই ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচনকেও বৈধ বলা যায় না। তার ভাষায়, একই আদেশে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হলে একটিকে বৈধ এবং অন্যটিকে অবৈধ বলার সুযোগ নেই।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য অনুযায়ী যদি গণভোট অবৈধ হয়, তাহলে একই আইনি ভিত্তিতে গঠিত সরকার ও সংশ্লিষ্ট পদগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। তিনি এ প্রসঙ্গে বলেন, একই উৎস থেকে দুটি সিদ্ধান্ত এলে একটিকে বৈধ ও অন্যটিকে অবৈধ হিসেবে ব্যাখ্যা করা যুক্তিসংগত নয়।
সংবিধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের প্রয়োজনেই সংবিধান প্রণীত হয় এবং রাষ্ট্রের স্বার্থই সর্বোচ্চ বিবেচ্য হওয়া উচিত। তিনি আরও দাবি করেন, গণ-অভ্যুত্থানের মতো ঘটনাকে শুধু সংবিধানের ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না।
ব্যাংক খাত নিয়েও অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার যে অভিযোগ ছিল, বর্তমানেও একই ধরনের প্রক্রিয়া চলছে বলে তাদের আশঙ্কা। তার দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বহালের মাধ্যমে বিতর্কিত গোষ্ঠীকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।
বক্তব্যে তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাশেদ খাঁন এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীরও সমালোচনা করেন। সারজিসের অভিযোগ, একসময় যারা সংস্কারের কথা বলতেন, তারা এখন রাজনৈতিক সুবিধার কারণে নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন।
পঞ্চগড়ে ছাত্রলীগের এক নেতার জামিনের প্রসঙ্গ টেনে বিচার বিভাগ ও প্রশাসনের কিছু কর্মকর্তারও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দলীয় আনুগত্যের পরিবর্তে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসতে বা যেতে পারে, কিন্তু রাষ্ট্র ও জনগণ সবসময় থাকবে। তাই প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত নিরপেক্ষভাবে জনগণের সেবা করা।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ।



