
বাংলা টিভি ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের নামও রয়েছে।
নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাক্ষ্য-প্রমাণে এই অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনিও অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
এসময় হিরো আলম আরও দাবি করেন, তিনি জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের পাশেই ছিলেন এবং নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করে জানান যে প্রতিহিংসার বশবর্তী হয়ে তার নাম মামলায় জড়ানো হয়েছে। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলে উল্লেখ করেন। আন্দোলন বা বিভিন্ন সময়ে নিজের ভূমিকার কথা স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, এতদিন পরে এসে কেন হঠাৎ তার নাম মামলায় যুক্ত করা হলো।



