বগুড়ায় জঙ্গল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-মাদকসহ ৩ যুবক আটক

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাঁড়াশি অভিযানে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এ সময় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তিনটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা হলেন রকি ও রাকিব। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অপর একজন কিশোর হওয়ায় আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, করতোয়া নদীর পাড়সংলগ্ন দুর্গম জঙ্গলে তাবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, চক্রটির কর্মকাণ্ডে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। বিশেষ করে গ্রেপ্তার রকির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রকি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে রয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
ওসি ইকবাল বাহার আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্রটি নির্জন জঙ্গলে আস্তানা গড়ে মাদক ব্যবসার পাশাপাশি অপহরণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



