বিএনপি নেতার উপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌরসভা বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজু খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিএনপির পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে শহরের থানা পাড়া নিজ এলাকায় পৌঁছালে ৫/৬ জন দুর্বৃত্তরা তার পথ গতিরোধ করে দাঁড়ায়। এসময় তারা চাপাতি ও লোহার হেমার দিয়ে তার উপর হামলা চালায়। তার পায়ের নিচের অংশে চাপাতির আঘাতে জখম হয়। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে হেমার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। পরে তারা ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
এরপর আহতের শোর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত নাফিজ আহমেদ রাজু জানান, বাড়ির গেটের সামনে অপরিচিত কয়েকজন দাঁড়িয়ে থাকায় তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে অতর্কিত হামলা করে।
আহত বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজু অভিযোগ করে বলেন, ‘সামনে পৌরসভা নির্বাচন। আমি যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারি, সে জন্যই সন্ত্রাসীরা আমাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে বারবার নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলেও কোনো প্রতিকার মেলেনি।’
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে আঘাত ও গুলিবর্ষণ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের চিহ্নিত করতে প্রশাসন কাজ করছে।



