বাংলাদেশ

ভারতীয় প্রেমিকার গোপন ছবি ফাঁস, জামালপুরে যুবক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ভারতের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মেহেদী একেএম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা ব্যক্তিগত ছবি ও ভিডিও একে অপরের সঙ্গে বিনিময় করেন।

অভিযোগ অনুযায়ী, গত ৬ জুলাই থেকে তরুণী যোগাযোগ বন্ধ করে দিলে মেহেদী ক্ষুব্ধ হয়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পাঠাতে শুরু করেন। পাশাপাশি আরও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের কপি ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ই-মেইলের মাধ্যমে জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং দেওয়ানগঞ্জ মডেল থানার ওসির কাছে পাঠানো হয়। ১৭ জুলাই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দেওয়ানগঞ্জের কালিকাপুর এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ফোনের তথ্য বিশ্লেষণ করে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও তার আত্মীয়দের কাছে পাঠানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-১) ওসি সোহাগ রানা জানান, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button