আন্তর্জাতিক

চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ, চাষের অনুমতিও দিল নেপালের গণ্ডকী প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের গণ্ডকী প্রদেশে চিকিৎসার প্রয়োজনে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ করা হয়েছে। দেশজুড়ে গাঁজার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও নতুন আইনের মাধ্যমে নির্দিষ্ট চিকিৎসা উদ্দেশ্যে এর ব্যবহার অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) প্রাদেশিক গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গণ্ডকী প্রাদেশিক আইনসভায় ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে বিলটি পাস করেন।

নেপালের সাতটি প্রদেশের অন্যতম গণ্ডকী, যেখানে পর্যটননগরী পোখরা এবং বিখ্যাত পর্বত ও ট্রেকিং রুট রয়েছে। এ প্রদেশে চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ হওয়াকে দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। তবে জাতীয় পর্যায়ের আইন অনুযায়ী এখনো গাঁজার চাষ, বহন ও ব্যবহার নিষিদ্ধ।

বর্তমান আইনে ব্যক্তিগত ব্যবহারের জন্য কারও কাছে গাঁজা পাওয়া গেলে এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর গাঁজা বিক্রি বা সরবরাহের সঙ্গে জড়িত থাকলে অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

নেপালে গাঁজা দীর্ঘদিন ধরেই একটি ঐতিহ্যবাহী উদ্ভিদ হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অতীতে এর ব্যবহার প্রচলিত ছিল। তবে ১৯৭০-এর দশকের শেষ দিকে আন্তর্জাতিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির সরকার গাঁজাকে অবৈধ ঘোষণা করে।

এদিকে, গাঁজার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা শিথিল বা বাতিলের দাবিতে নেপালে দীর্ঘদিন ধরে বিভিন্ন অধিকারকর্মী ও সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। তাদের মতে, নিয়ন্ত্রিতভাবে চিকিৎসা ও শিল্পখাতে গাঁজার ব্যবহার দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button