গ্রাম বাংলাদেশবাংলা

মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায়: শাহজালাল

নিজস্ব প্রতিবেদক: মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।

রোববার (৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরে ইউনিয়নে গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

শাহজালাল মিয়া বলেন, মানুষ ব্যক্তি বা দল পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন চায়। ২০২৪ সালের জুলাইয়ে মানুষ যে পরিবর্তনের প্রত্যাশায় জীবন দিয়েছেন, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

তিনি বলেন, শুধু ব্যক্তি বা দল পরিবর্তন হলে গণমানুষের প্রকৃত প্রত্যাশা পূরণ হবে না। জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য প্রয়োজন নীতির পরিবর্তন এবং জনকল্যাণভিত্তিক নেতৃত্ব।

তিনি আরও বলেন, অতীতে দলীয় বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তাই দেশ ও মানুষের কল্যাণে আগামী স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীকে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি।

নির্বাচিত হলে সবার অংশগ্রহণে পিরোজপুর ইউনিয়নের মানুষের দারিদ্র্য ও পিছিয়ে পড়া অবস্থা দূরীকরণে কাজ করার প্রতিশ্রুতি দেন শাহজালাল মিয়া। পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানুষের অধিকারভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

পথসভায় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আমগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ড. আসগর আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী দিন ইসলামসহ জামায়াতের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button