মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবি

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট বোঝাই ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে গেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নদীবন্দরের প্রবেশমুখে বড় স্টেশন মোলহেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুরে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে সুকানি হিসেবে দায়িত্বে ছিলেন আইয়ুব আলী।
দুর্ঘটনার পরপরই আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে এসে ট্রলারের সুকানিসহ চার আরোহীকে নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও ট্রলারটি সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এর মালিক।
চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর জানান, কোম্পানির সিমেন্টের ক্ষতিপূরণ হিসাব করা সম্ভব হলেও ট্রলার মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ট্রলারটি নদীগর্ভে তলিয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, ‘এ ঘটনায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারটিতে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ছিল। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



