বাংলাদেশ

কাঠমিস্ত্রির কাজ থেকে পরীক্ষার হলে; ৪৫ বছর বয়সে করলেন এসএসসি পাশ

বাংলা টিভি ডেস্ক: সংসারের দায়িত্ব, কর্মজীবনের ব্যস্ততা কিংবা বয়স—কোনোটিই তার পড়াশোনার ইচ্ছাকে থামাতে পারেনি। কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের মো. নাসিমুল হক। চলতি বছর রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪.৬২ পেয়েছেন।

নাসিমুল হক ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি একজন কাঠমিস্ত্রি। এর পাশাপাশি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জীবিকার তাগিদে ২০০২ সালে তার পড়াশোনায় ছেদ পড়ে। এরপর দীর্ঘদিন কাঠের কাজ করেই সংসার চালিয়েছেন। তবে পড়াশোনার প্রতি আগ্রহ কখনো হারিয়ে যায়নি। কাজের ব্যস্ততার মধ্যেই একসময় আবারও পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।

সেই সিদ্ধান্ত থেকেই নতুন করে শিক্ষাজীবনে ফেরেন নাসিমুল। কর্মব্যস্ততার পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেন। ফল প্রকাশের পর সোমবার (১০ আগস্ট) জানা যায়, তিনি জিপিএ ৪.৬২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

নাসিমুল হক বলেন, তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নিজের শিক্ষাজীবনও এগিয়ে নিতে তিনি এই বয়সে আবার পড়াশোনা শুরু করেন।

তিনি বলেন, ইচ্ছা থাকলে বয়স কখনোই সফলতার পথে বাধা হতে পারে না। ভবিষ্যতেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।

নাসিমুলের এই অর্জনে গর্বিত স্থানীয় বাসিন্দারাও। সংসার ও পেশাগত দায়িত্ব সামলে তার এমন সাফল্যকে তারা অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।

ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসার ও পেশার দায়িত্ব পালনের পাশাপাশি ৪৫ বছর বয়সে এমন ভালো ফলাফল করা সত্যিই প্রশংসনীয়। নাসিমুল হক প্রমাণ করেছেন, প্রবল ইচ্ছাশক্তি থাকলে বয়স কোনো বাধা নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button