বাংলাদেশ

সিলগালা ভেঙে গোপনে দেহ ব্যবসা! যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

বগুড়া প্রতিনিধি( ডিজিটাল): বগুড়ায় সিলগালা করা একটি অনিবন্ধিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল পরিচালনার সঙ্গে জড়িত চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অপর ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে প্রশাসন।

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৮টার সময় বগুড়া শহরের তিন মাথা এলাকায় অবস্থিত হোটেল অবকাশ নামক ওই হোটেল্টিতে র‌্যাব-১২, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোটেলটি অনিবন্ধিত হওয়ায় এর আগে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছিল। তবে সেই সিলগালা পাশ কাটিয়ে অন্য পাশে নতুন একটি গেট তৈরি করে গোপনে হোটেলের কার্যক্রম চালানো হচ্ছিল এমন তথ্য পায় র‌্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে হোটেলের নতুন তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ ও ছাদে তল্লাশি চালানো হয়। এ সময় নারী-পুরুষসহ ২০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪ জন নারী ও ছয়জন পুরুষ।

বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন হোটেল পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অনিবন্ধিত হোটেল অবৈধভাবে পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, বাকি ১৬ জনের মধ্যে ১৪ জন নারী ও দুইজন পুরুষ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। অভিযানে মাদক ও মাদক গ্রহণের বিভিন্ন আলামত এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এসব আলামত জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। সরেজমিনে সিলগালা পাশ কাটিয়ে হোটেল পরিচালনার প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, হোটেলের বিভিন্ন কক্ষ ও ছাদে থাকা ব্যক্তিদের কাছ থেকে মাদকসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ঘটনায় উপযুক্ত ধারায় নিয়মিত মামলা করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই হোটেলকে ঘিরে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগেও প্রশাসন সেখানে অভিযান চালিয়েছে। স্থানীয়দের দাবি, শুধু অভিযান পরিচালনা নয়, হোটেলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়া শহরের অন্য কোনো অনিবন্ধিত বা অনুমোদনহীন হোটেল সম্পর্কে তথ্য পাওয়া গেলে গোয়েন্দা তৎপরতা চালিয়ে তা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button