‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, স্কুলের শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ দেশের অন্যান্য জাদুঘরেও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাহেদ উর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা ধরনের আলোচনা ও সংশয় তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেসব আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে এবং জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পর ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিলেও বর্তমানে সেগুলো অনেকটাই সমাধান করা হয়েছে।
তিনি জানান, জাদুঘর চালুর পরপরই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়েছিল। জুলাই স্মৃতি জাদুঘর দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকায় উদ্বোধনের পর বিপুলসংখ্যক দর্শনার্থী সেখানে ভিড় করেন। ফলে সাময়িকভাবে কিছু ব্যবস্থাপনা সমস্যা দেখা দেয়।
তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা আগের তুলনায় অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর গুরুত্ব সম্পর্কে জানাতে সরকারি উদ্যোগে নিয়মিত তাদের জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ইতিহাসের সঙ্গে পরিচিত করার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।



