‘অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতে একটি নির্দিষ্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে দেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং ও সরকারের প্রকাশ্য বক্তব্যেই বিষয়টি স্পষ্ট হয়েছে। বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেছে।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে ভারতের পক্ষ থেকে একটি ইতিবাচক ও অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বক্তব্যের পর বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।
ভারতের পক্ষ থেকে পরবর্তী সময়ে ওই ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই—এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করা হলেও বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন বলে জানান জাহেদ উর রহমান। তার মতে, ঘটনাটির সঙ্গে ভারতের কোনো না কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা বা সমর্থনের বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রশ্ন রয়েছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বরং দুই দেশের সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের মধ্যে।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন বাস্তবতার আলোকে পুনর্বিন্যাস বা ‘রিঅ্যালাইনমেন্ট’ করার প্রয়োজন রয়েছে।



