বাংলাদেশ

একসঙ্গে জিপিএ-৫ পেলেন মা-ছেলে

বাংলা টিভি ডেস্ক: ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মা ও ছেলে দুজনই জিপিএ-৫ অর্জন করেছেন। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার সাদিয়া বেগম ও তার ছেলে তানভীর আহমেদের এই সাফল্যে পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, প্রায় ১৯ বছর আগে বিয়ে হয় সাদিয়া বেগমের। বিয়ের পর সংসার ও সন্তানদের দায়িত্ব সামলাতে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি। তবে লেখাপড়ার প্রতি আগ্রহ কখনো হারাননি। দীর্ঘ বিরতির পর আবার বই হাতে তুলে নেন সাদিয়া। সংসারের কাজ ও দুই সন্তানের দেখাশোনার পাশাপাশি শুরু করেন পড়াশোনা।

প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরিবারের সম্মতি পাওয়ার পর শুরু করেন পরীক্ষার প্রস্তুতি। চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন সাদিয়া।

অন্যদিকে তার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।

সাদিয়া বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। কিন্তু বিয়ের পর বিভিন্ন কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে তিনি কখনো হাল ছাড়েননি। প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরিবারের সহযোগিতায় প্রস্তুতি শুরু করেন।

মায়ের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়াকে নিজের জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় মনে করছে তানভীর। তার ভাষায়, মায়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেরই জিপিএ-৫ পাওয়া সত্যিই আনন্দের। মায়ের সঙ্গে একই সময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ সবার হয় না।

তানভীর জানায়, মা যেমন নিয়মিত তার পড়াশোনার খোঁজ রাখতেন, তেমনি নিজের পড়াশোনাতেও সমান মনোযোগী ছিলেন। অনেক সময় রাত জেগে তার পাশে বসে পড়াশোনা করতেন মা। নিজের অর্জন বাবা-মাকে উৎসর্গ করে ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথাও জানিয়েছে তানভীর।

মা-ছেলের এমন সাফল্যে আনন্দিত তাদের গৃহশিক্ষক আরিফুল ইসলামও। প্রায় চার বছর ধরে তিনি তানভীরকে ইংরেজি পড়ানোর পাশাপাশি সাদিয়ার পড়াশোনার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়ার স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসার ও সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ বিরতির পর নিজের পড়াশোনার স্বপ্ন পূরণ করেছেন সাদিয়া। একই বছরে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনের জিপিএ-৫ অর্জন তার সেই দৃঢ় মনোবল ও অধ্যবসায়েরই অনন্য দৃষ্টান্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button