গ্রাম বাংলাদেশবাংলা

বগুড়ায় হত্যা মামলায় ৬ পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): বগুড়ায় পৃথক দুটি হত্যা মামলায় এজাহারভুক্ত ছয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে বগুড়া সদর থানার আতিকুর রহমান সাগর হত্যা মামলার চারজন এবং সারিয়াকান্দি উপজেলার মোসলেম উদ্দিন হত্যা মামলার দুই জন আসামি রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরব বগুড়া র‌্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার মো. জিলহাজ মন্ডল (৪৬), মো. আরিফ প্রাং (৩৫), মো. লিটন মিয়া (৩৫) ও মো. রব্বানী (২৫)। তারা আতিকুর রহমান সাগর হত্যা মামলার যথাক্রমে ১, ১৬, ৮ ও ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে, সারিয়াকান্দি উপজেলার পাকুড়িয়াচর এলাকার মো. রহিদুল সরকার (৪৭) ও মো. শাহজাহান সরকার (৪০) মোসলেম উদ্দিন হত্যা মামলার ১১ ও ১৩ নম্বর এজাহারভুক্ত আসামি।

র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাতে বগুড়া, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় চারটি পৃথক অভিযান চালায় র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৩ গাইবান্ধার যৌথ আভিযানিক দল। এসব অভিযানে দুই হত্যা মামলার ছয় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাগর হত্যা মামলার ১ ও ১৬ নম্বর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভগরিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে রাত ১টা ৩৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে জিলহাজ মন্ডল ও আরিফ প্রাংকে গ্রেপ্তার করা হয়। একই রাতে রাত ২টা ২০ মিনিটে গোবিন্দগঞ্জের খানাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে একই মামলার আসামি লিটন মিয়া ও রব্বানীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার ও কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোসলেম উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রহিদুল সরকার ও শাহজাহান সরকারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছয় আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর ও সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, হত্যা ও সংঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button