বাংলাদেশ

টাকি মাছের ভর্তা বলে খাওয়ানো হচ্ছিল পাঙাশের ভর্তা, রেস্টুরেন্টকে জরিমানা

বাংলা টিভি ডেস্ক: মানিকগঞ্জে টাকি মাছের ভর্তার নামে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন এবং খাবার সংরক্ষণে অনিয়মের অভিযোগে একটি হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। সেখানে টাকি মাছের ভর্তা বলে পাঙাশ মাছের ভর্তা পরিবেশন, রেফ্রিজারেটরে খাবার অনিয়মিতভাবে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও রাখার প্রমাণ পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে বাসস্ট্যান্ড এলাকার দি নিউ হাই কেয়ার মেডিকেল সেন্টারে প্যাথলজি পরীক্ষার রিপোর্টে ল্যাব টেকনোলজিস্টের মাধ্যমে চিকিৎসকের স্বাক্ষর নকল করার অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, চিকিৎসকের অনুপস্থিতিতে তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে রোগীদের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছিল। বিষয়টি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছের বাজারে কৃত্রিম আলো ও বিশেষ পর্দা ব্যবহার করে মাছকে বেশি সতেজ দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন, অভিযানে ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং সেবার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের বিষয়গুলো পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম, জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ এবং জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button