আন্তর্জাতিক

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পাশে দাঁড়ানো শুধু মুসলিম বিশ্বের নয়, বরং পুরো মানবজাতির সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (১২ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তুরস্ক আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে তার ভূমিকা অব্যাহত রাখবে।

এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ২০২৬ সালে দখলদারদের সহিংসতা, উচ্ছেদ ও ঘরবাড়ি ধ্বংসের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানান তিনি।

এই পরিস্থিতিকে ‘পদ্ধতিগত দখলদারিত্ব’ হিসেবে উল্লেখ করে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গন থেকে আড়াল করতে ইসরায়েলি সরকার নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের অবস্থানও পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। তিনি ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানান।

এ ছাড়া গাজার পুনর্গঠন দ্রুত শুরু করা এবং আল-আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের বর্তমান অবস্থান ও মর্যাদা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। ফিলিস্তিনে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকেও স্বাগত জানান তুর্কি প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট খবর

Back to top button