বাংলাদেশ

১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলির মনোনয়নপত্র জমা

বাংলা টিভি ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে জোটের পক্ষ থেকে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়। এ সময় প্রতিনিধি দলে মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জোটের সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদই তাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এদিকে একই দিন সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকেও রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button