দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল মহাসচিবের দায়িত্ব এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। প্রার্থী ঘোষণার পরই তিনি দলীয় পদ ও সরকারের মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।
বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মির্জা ফখরুল। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন।
দলের দুই শীর্ষ নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে তিনি কারাবন্দিও হন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দলের নেতৃত্ব দেওয়ার কারণে তিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলীয় রাজনীতি ও সরকারের মন্ত্রিসভা—দুই ক্ষেত্রের দায়িত্ব থেকেই তার সরে দাঁড়ানোর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।



