বাংলাদেশ

জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও অভিযুক্ত নারীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও ওই ব্যক্তি নিয়মিত নারীর বাসায় যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। এরপরও অভিযুক্ত নারী তাকে বাসায় আসতে দিতেন বলে জানা গেছে।

অভিযুক্ত নারীর দাবি, বিচ্ছেদের পর তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না। বরং বেতন পাওয়ার পর বিভিন্ন সময় টাকার জন্য তার বাসায় আসতেন। পাশাপাশি তার সঙ্গে প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার দিনও ওই ব্যক্তি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারী তার হাতে থাকা ধারালো বস্তু দিয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন জানান, অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button