‘প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে ঢাকা। অভ্যন্তরীণ ব্যস্ততার ফাঁকে ভারতের সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, ভারত সফরের সম্ভাবনাকে ঢাকা গুরুত্বের সঙ্গে দেখছে। তারেক রহমানের অভ্যন্তরীণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সফরের সময় নির্ধারণ করা হবে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের সামনে যে সুযোগ তৈরি হয়েছে, দেশটির উচিত সেটিকে যথাযথভাবে কাজে লাগানো। দুই দেশের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় আলোচনা হলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারত ছাড়াও জাপানসহ অন্যান্য দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের সময়সূচিও এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী সময়ে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



