বাংলাদেশ

দেড় ডজন মামলার আসামি ‘দাঁতাল বাবু’ গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮টির বেশি মামলার আসামি যশোরের যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবুকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময় তার সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার আজম রতনকেও আটক করা হয়।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমার দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইদুজ্জামান বাবু পুলিশের কাছে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তার দুজনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, সাইদুজ্জামান বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, আরবপুর এলাকায় তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ আরও জানায়, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। ওই মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আত্মগোপনে থাকা অবস্থায় বাবু ও তার সহযোগীরা বিভিন্ন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর বাবু ও আজম রতনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button