গ্রাম বাংলাদেশবাংলা

গলায় রুটি আটকে প্রাণ গেল স্কুলছাত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত। বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ওসি মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button