
নিজস্ব প্রতিবেদক: নাটকের দল নাট্যকেন্দ্র নিজেদের ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’ মঞ্চে নিয়ে আসছে ১৮ আগস্ট। এদিন সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।
বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ‘পুণ্যাহ’র গল্প আবর্তিত হয়েছে কাঁকুড়গাছি নামের একটি জনপদকে ঘিরে।
ভয়াবহ এক ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হওয়ার পর সেখানে সক্রিয় হয়ে ওঠে একদল মুখোশধারী। তাদের হাতে নিয়ন্ত্রিত হতে থাকে মানুষের বর্তমান। পাপ-পুণ্যের হিসাব-নিকাশের নামে হিংস্রতা ও সংস্কারের জালে আবদ্ধ হয়ে পড়ে জনপদের মানুষ। একপর্যায়ে কাঁকুড়গাছির মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রাম গোটা বিশ্বের মানুষের সংগ্রামের প্রতীকে পরিণত হয়। নির্দেশক ইউসুফ হাসান অর্ক মূল গল্পের পাশাপাশি ছোট ছোট ঘটনা ও উপ-ঘটনাকে মঞ্চে তুলে ধরে নিরাবরণ মঞ্চে নির্মাণ করেছেন ভিন্নধর্মী এক আবহ।
নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ অনেকে।



