আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার বিষয়ে সরকার এখনই কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জাতিসংঘের ওই প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো প্রতিবেদনটি নিজে পড়েননি। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিবেদনে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনুমানের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে কোনো পর্যবেক্ষণ থাকতে পারে, তবে সেটি যাচাই না করে মন্তব্য করা সম্ভব নয়। নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না। বিষয়টি যাচাই-বাছাইয়ের পরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।



