ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর ফালান মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির পর নিজের শিশুপুত্রকে অন্য একটি নৌকায় তুলে দিয়ে পানিতে তলিয়ে যান তিনি।
সোমবার (১৭ আগস্ট) সকালে লংগদু ফায়ার সার্ভিসের সদস্যরা কাপ্তাই হ্রদের কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন।
ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট মাহিল্যা গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় মাছ ধরার একটি ছোট নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন ফালান মিয়া। এ সময় তার সঙ্গে ছিল শিশুপুত্র। পথে কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী ১৪ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। প্রচণ্ড ঢেউয়ের মধ্যে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।
নৌকা ডুবে যাওয়ার পর ফালান মিয়া ছেলেকে নিয়ে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় দূর থেকে একটি নৌকা তাদের দেখতে পেয়ে উদ্ধারে এগিয়ে আসে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফালান মিয়া প্রথমে তার ছেলেকে ওই নৌকায় তুলে দেন। সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার পরপরই তিনি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে নৌকাডুবির স্থান থেকে ফালান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
লংগদু থানার ওসি মো. জাকারিয়া হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফালান মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, নিজের জীবনের কথা না ভেবে শেষ মুহূর্তে সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার ঘটনাটি তার বাবার প্রতি গভীর ভালোবাসা ও আত্মত্যাগের এক মর্মস্পর্শী উদাহরণ হয়ে থাকবে।



