কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্সের নাম বদলে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাটের ঐতিহাসিক ‘স্বাধীনতা কমপ্লেক্স’-এর নাম পরিবর্তন করে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ করেছে সরকার।
গত ১২ আগস্ট মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন নামটি নির্ধারণ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলার কালুরঘাটে অবস্থিত ‘স্বাধীনতা কমপ্লেক্স’টি এখন থেকে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ নামে পরিচিত হবে। কমপ্লেক্সটি চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার চাঁনগাঁও মৌজায় অবস্থিত। এর জমির পরিমাণ ১৬ দশমিক ৩৭ একর।
এর আগে গত ২৪ মার্চ সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কালুরঘাট বেতারকেন্দ্র ও শহীদ জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং এর উন্নয়নে পরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়েছিল।
নতুন নামকরণের মধ্য দিয়ে কালুরঘাটের এই ঐতিহাসিক স্থাপনাটি এখন থেকে ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ হিসেবে সরকারি নথিতে পরিচিত হবে।



