‘দিদির জন্য গাড়ি দেন’ তুলির আবদারে মিলল হুইলচেয়ার

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর রায়পুরায় এক অসহায় শিশুর আবদারে তার প্রতিবন্ধী দিদির জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। একই সঙ্গে শিশুটিসহ তার সঙ্গে থাকা আরেক শিশুর জন্যও নতুন পোশাক কিনে দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে তুলি পাল নামে শিশুটি খালি গায়ে ইউএনও কার্যালয়ে এসে তার প্রতিবন্ধী দিদির জন্য একটি ‘গাড়ি’ চায়। সরল মনে সে ইউএনওকে বলে, ‘আমার দিদির জন্য গাড়ি দেন।’
তুলির সঙ্গে কথা বলে জানা যায়, তার মা নেই। তার দিদিও হাঁটতে পারেন না। পরিবারের অসহায়ত্বের কথা শুনে ইউএনও তাৎক্ষণিকভাবে তার দিদির জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেন।
এ সময় তুলির সঙ্গে থাকা কৃষ্ণ নামের আরেক শিশুর বিষয়টিও ইউএনওর নজরে আসে। পরে তুলি ও কৃষ্ণ—দুজনের জন্যই নতুন জামাকাপড় কিনে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
নতুন পোশাক পরে এবং দিদির জন্য হুইলচেয়ার নিয়ে বাড়ি ফেরার সময় তুলির মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। পরে ইউএনও কার্যালয়ের কর্মীরা রিকশায় করে তুলি, কৃষ্ণ ও হুইলচেয়ারটি রায়পুরা পৌরসভার হরিপুর এলাকায় তাদের বাড়িতে পৌঁছে দেন।
তুলির নির্মল হাসি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ইউএনও মো. মাসুদ রানার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে।



