পাঠদানকালে শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদ্রাসাশিক্ষক

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে ইব্রাহিম নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার মধ্য সাগরদি হযরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, কারি ইব্রাহিম মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কারি ইব্রাহিম প্রায় ২০ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কুরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন। তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছে।
জোহরের নামাজের পর মধ্য সাগরদি জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, কারি ইব্রাহিম প্রায় ২০ বছর ধরে আমাদের মাদ্রাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেন। তার আকস্মিক মৃত্যুতে একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
সাগরদি গ্রামের বাসিন্দা ও সংবাদকর্মী আবদুল করিম বলেন, ইব্রাহিম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক ছিলেন। কর্মস্থলে পাঠদানের সময় তিনি মারা যান বলে শিক্ষকরা জানান।



