গ্রাম বাংলাদেশবাংলা

গাড়ি পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

‎ফরিদপুর প্রতিনিধি: ‎ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে অজ্ঞাত যুবকের এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সামান্য কথাকাটাকাটির একপর্যায়ে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনার ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।
‎
‎সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ বিকট শব্দ ও গুলির আওয়াজে স্থানীয় ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ছোটাছুটিতে দুইজন লোক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ওই যুবকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
‎
‎স্থানীয়রা বাসিন্দা হাচান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক যুবক ও যুবতী। সড়কে দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই যুবককে বলেন ভাই প্রাইভেটকারটি সাইড করে রাখেন। এ নিয়ে স্থানীয়দের সাথে কথা কাটাকাটির একপর্যায় গাড়ি থেকে পিস্তল দিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করতে দেখা যায়।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। তারপর এ বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবো।

সংশ্লিষ্ট খবর

Back to top button