কান্নায় ঘুমের ব্যাঘাত, মায়ের বিরুদ্ধে নবজাতককে হত্যার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী নিজের নবজাতক ছেলেকে পানিভর্তি প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী মা ফাতেমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের ঘরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি সৌরভ হোসেন ও ফাতেমা বেগমের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের নভেম্বরে সৌরভ ও ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
সোমবার রাতে পরিবারের সদস্যরা শিশুটিকে ঘরে না পেয়ে ফাতেমাকে জিজ্ঞাসা করেন। এ সময় তিনি প্রথমে দাবি করেন, কেউ পেছন থেকে তাকে আঘাত করে শিশুটিকে নিয়ে গেছে। পরে শিশুটিকে জিনে নিয়ে গেছে বলেও দাবি করেন। তার কথায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা শিশুটির খোঁজ শুরু করেন।
একপর্যায়ে ঘরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ফাতেমা শিশুটিকে ড্রামের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন। নবজাতকের অতিরিক্ত কান্নাকাটি ও তার ঘুমের ব্যাঘাত ঘটার কারণে এমন ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



