বাংলাদেশ

স্কুলে আসেন না শিক্ষকরা, লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকা ও পাঠদান বন্ধ থাকার অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৭ আগস্ট) সকালে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা দেখতে পায়, সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো শিক্ষক বিদ্যালয়ে না আসায় ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। পরে দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে বন্ধ শ্রেণিকক্ষের দরজায় লাথি দিয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিত হয়ে পাঠদান করার দাবি জানায় তারা।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, শিশু খাতুন ও সামসুন্নাহার অভিযোগ করে, শিক্ষকরা প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। এ কারণে নিয়মিত ক্লাসও হয় না। শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠদান নিশ্চিত করার দাবিতেই তারা বিক্ষোভ করেছে।

স্থানীয় বাসিন্দা আল আমিনের অভিযোগ, বিদ্যালয়টির এমন পরিস্থিতি দীর্ঘদিনের। পাঁচজন শিক্ষক থাকলেও কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না বলে দাবি করেন তিনি। প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার শিক্ষকরা বিদ্যালয়ে না আসায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করেন বলে জানান আল আমিন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, বিষয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button