নারীদের পিংক বাসে যুক্ত হলো ফ্রি ইন্টারনেট সেবা

বাংলা টিভি ডেস্ক: নারীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিসে এবার যুক্ত হয়েছে স্যাটেলাইট ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংকের হাই-পারফরম্যান্স ডিভাইস স্থাপন করে ইন্টারনেট সংযোগ দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে একটি বাসে স্থাপন করা স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শন করা হয়।
বিএসসিএল জানিয়েছে, চলন্ত বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব কি না, তা যাচাই করতেই এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে শুধু বাস নয়, বিভিন্ন চলমান যানবাহনেও স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। এর মাধ্যমে যাত্রীদের উন্নত ডিজিটাল সংযোগ দেওয়ার পাশাপাশি গণপরিবহনে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।



