কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার লাকসামে নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কুরআন মাজিদ লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুরাইয়া জান্নাত নামের এক শিক্ষার্থী। মাত্র আট মাসের প্রচেষ্টায় ১১৪টি সূরা ও ৩০ পারার কুরআন মাজিদের অনুলিপি সম্পন্ন করেন তিনি। তার হাতের লেখা ছাপা অক্ষরের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সুরাইয়া জান্নাত লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে। তিনি মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সুরাইয়া জানান, চলতি বছরের ১ জানুয়ারি কুরআন মাজিদ লেখা শুরু করেন তিনি। মাদ্রাসার ক্লাস ও পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে নিয়মিত লিখে আগস্টের শেষ দিকে পুরো কাজ শেষ করেন। এ সময় প্রায় ৫৫টি কলম ব্যবহার করে ১ হাজার ১২৯ পৃষ্ঠায় কুরআনের সম্পূর্ণ অনুলিপি তৈরি করেন তিনি।
কুরআন লেখার সময় পবিত্রতা বজায় রাখার বিষয়েও বিশেষ সতর্ক ছিলেন সুরাইয়া। প্রতিদিন লেখার আগে অজু করে এবং নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরূদ পাঠ করে লেখা শুরু করতেন বলে জানান তিনি।
নিজ হাতে কুরআন লেখার অনুপ্রেরণা সম্পর্কে সুরাইয়া বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসুল (সা.)-এর শাফায়াত লাভের আশায় তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার ভাষ্য, সমবয়সীদের অনেকে যখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়, তখন তিনি সেই সময়টুকু কুরআন লেখার কাজে ব্যয় করেছেন।
এই কাজে তাকে নিয়মিত উৎসাহ দিয়েছেন তার ছোট ভাই নাহিদ হাসান। সে আবেদনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ভবিষ্যতে নিজ হাতে হাদিসের বিখ্যাত গ্রন্থ ‘সহিহ বুখারি’ লেখার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন সুরাইয়া।
মেয়ে এমন একটি কাজ সম্পন্ন করায় আনন্দ প্রকাশ করেছেন তার মা জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, ছোটবেলা থেকেই সুরাইয়ার আরবি ভাষা ও লেখালেখির প্রতি আগ্রহ ছিল। মেয়ের এই অর্জনে খুশি হয়ে তার প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন।
সুরাইয়ার এই উদ্যোগের প্রশংসা করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। তিনি বলেন, কৈশোরের এই সময়ে নিজ হাতে সম্পূর্ণ কুরআন লেখা নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত। একই সঙ্গে সুরাইয়ার হাতের লেখাও অত্যন্ত সুন্দর ও ছাপা অক্ষরের মতো বলে উল্লেখ করেন তিনি।
ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে সংবর্ধনাও দেওয়া হয়েছে।



