বাংলাদেশ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের মালিকানাধীন।

এর আগে গত ১৪ আগস্ট ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

ডিবির অভিযানে তাদের কাছ থেকে চারটি ৭.৬৫ মিমি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া লুট হওয়া ১২ লাখ টাকা, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বরের প্লেট এবং একটি মোটরসাইকেলসহ ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় মূলহোতার গ্রেপ্তারের পর ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা এবং লুট হওয়া অর্থের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button