কলকাতায় অগ্নিদগ্ধে মৃত আমিন বাবুর বাড়িতে শোকের মাতম

বাংলা টিভি ডেস্ক: কলকাতার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয় বাংলাদেশির একজন আহমেদ বাবু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় নিজ বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
আহমেদ বাবু ছিলেন পরিবারের চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তার বাবা আদম আলী আমিনবাজারের একজন ব্যবসায়ী। বাবুর সংসারে রয়েছে নয় বছরের এক মেয়ে ও চার বছরের এক ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়িক কাজে গত সোমবার রাতে কলকাতার উদ্দেশে রওনা হন আহমেদ বাবু। দীর্ঘদিন ভারতের ভিসা বন্ধ থাকায় প্রায় দুই বছর পর ব্যবসার কাজে তিনি কলকাতায় গিয়েছিলেন।
তবে সেখানে যাওয়ার পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে মোবাইল ফোনে বাবুর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। পরে হাইকমিশন থেকে পাঠানো ছবি দেখে স্বজনরা তার পরিচয় নিশ্চিত করেন।
খবরটি পাওয়ার পর থেকেই আহমেদ বাবুর বাড়িতে ভিড় করতে থাকেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গণমাধ্যমকর্মীরা। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
স্বজনরা জানান, এখন তাদের অপেক্ষা শুধু আহমেদ বাবুর মরদেহ দেশে ফেরার।



