ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

বাংলা টিভি ডেস্ক: প্রায় ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এরপর ভোট দেন ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট দিতে সংসদ কক্ষে গেলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট প্রদান শেষে তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠতার হিসাবে মির্জা ফখরুলের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা নেই। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিচ্ছেন।
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।



