বাংলাদেশ

চুয়াডাঙ্গায় চাঁদার দাবিতে ‘সর্বহারা পার্টির’ চিঠি, আতঙ্কে ব্যবসায়ীরা

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা হিজলগাড়ি বাজারের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করে ‘বাংলাদেশ সর্বহারা পার্টি’র প্যাডে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিষয়টি পুলিশকে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিভিন্ন সময়ে বাজারের তিন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে চিঠি পাঠানো হয়। চিঠিতে সংগঠনের নিবন্ধনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থের প্রয়োজনের কথা উল্লেখ করে ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন অনুদান দাবি করা হয়েছে।

পুলিশ ও বাজার কমিটি সূত্রে জানা যায়, ফাতেমা ডায়াগনস্টিক সেন্টারের কাছে ২০ লাখ, শেখ রাসেল স্টোরের কাছে ২০ লাখ এবং মালিথা ট্রেডার্সের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। চিঠিগুলো বাইপোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়।

বিষয়টি জানার পর বাজার কমিটির সভাপতি আমিরুল ইসলাম ও সম্পাদক হাজী নুরুল আমিন ব্যবসায়ীদের নিয়ে পুলিশকে অবহিত করেন। পরে দর্শনা থানায় বিষয়টি জানানো হয়।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মোহাম্মদ নুরুল্লাহ জানান, বৃহস্পতিবার তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চিঠির বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে এর পেছনে কারা রয়েছে এবং প্রকৃত ঘটনা কী, তা জানা যাবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button